ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রবিউল ইসলাম (৩০) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর স্টিলব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রবিউল ইসলাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া–না–পাওয়া নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়কে স্বাগত জানিয়ে সন্ধ্যায় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন।
এসময় ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আউয়াল হাওলাদার, রাসেল ও শাকিলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আউয়াল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে রবিউল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা রবিউলকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত আউয়াল হাওলাদার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন বলেন, ঘটনার পর পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।








