প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আত্মবিশ্বাস, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা থাকলে নিজের দেশের জন্য সবকিছু করা সম্ভব।
শনিবার (১২) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটে ইয়াং বাংলার উদ্যোগে আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জয় বলেন, ‘আজকের তরুণরাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবেন। দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আগামীর বাংলাদেশে গর্ব হবেন তরুণরা।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে জানে। এটাই আমাদের অসাধারণ বাংলাদেশ।’
অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী ১০ সংগঠন ও আজীবন সম্মাননা পাওয়া দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন সজীব ওয়াজেদ জয়। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিষয়ক উপদেষ্টা তিনি।
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান কার্যক্রম। বেলা ৩টায় শুরু হয় পুরস্কার বিতরণের মূল পর্ব। অনুষ্ঠানে ছিলেন সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সারা দেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ছয় শতাধিক সংগঠন থেকে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০ সংগঠনকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়।
এ বছর পাঁচটি ক্যাটাগরির প্রতিটিতে দুটি করে ১০টি সংগঠনকে এই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দেশের জন্য বিশেষ অবদান রাখায় দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেওয়া হবে লাইফ টাইম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
এর আগে ষষ্ঠ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের বাছাইকৃত শীর্ষ ২৮ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা।এসব সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
মানবিক কাজ ও সমাজে অবদানের জন্য দেশের সেরা যুব সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান ‘জয় বাংলা’ ধারণ করে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রবর্তন করা হয়। এই অ্যাওয়ার্ড বিজয়ী অনেক সংগঠন ইতোমধ্যে শিশু শান্তি পুরস্কার, ডায়ানা অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আত্মবিশ্বাস, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা থাকলে নিজের দেশের জন্য সবকিছু করা সম্ভব। এ জন্য তাদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত থাকাটা জরুরি।বাংলাদেশের মানুষ নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে জানে। এটাই অসাধারণ বাংলাদেশ।’ মেধা ও পরিশ্রমের সমন্বয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ










