বিএনপি-জামায়াতের আমলের ১০০ দিনের ‘আমলনামা’ (শেষ পর্ব)

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০১-২০০৬ সাল বিভীষিকাময় পরিস্থিতির কারণে সব সময় চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি যা বলেছেন তার শেষ পর্ব—

প্রশাসন নাকি প্রহসন:

ক্ষমতায় বসেই বিএনপি-জামায়াত জোট সরকার প্রশাসনকে নিজেদের মতো করে সাজিয়ে নেয়ার নামে যে হারে রদবদল ও চাকুরিচ্যুত করতে শুরু করে, দ্রুতই তার সমাপ্তি ঘটবে বলে মানুষ আশা করেছিল। জোট সরকারের প্রথম ১০০ দিনেই মানুষের এই ধারণা ভেঙে গেছে। সেই সময়টা সরকারি চাকরিজীবীদের জন্য দুঃস্বপ্নের কাল বলে বিবেচিত হয় আজও। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্তদের গণবদলি, বাধ্যতামূলক অবসরে পাঠানো, পদোন্নতি স্থগিত, চাকুরিচ্যুতিসহ বিভিন্ন কারণে প্রশাসনে নেমে এসেছিল অস্থিরতা। কখন কোন অছিলায় কার চাকরি যাবে, কাকে কোথায় বদলি করা হবে, এ নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না চাকরিজীবীদের মধ্যে।

সরকারি অফিসগুলোতে কি কাজের পরিবেশ আছে? সরকারি কর্মচারীরা কি তাদের দায়িত্ব পালন যথাযথভাবে করতে পেরেছেন জোট সরকারের প্রথম ১০০ দিনে? এ সম্পর্কে ২০০২-এর ২২ই জানুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত আস্থাভাজন ও তার ভাষণ লেখক, সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত পত্রিকা যায়যায়দিন লিখেছিল:

বর্তমান সরকারে শুভাকাঙ্খীরাও এখন বলছেন, অনেক হয়েছে, সরকারের উচিৎ খুব শিগগিরই ব্যুরোক্রেসিকে স্থির করা। আমলাতন্ত্রের মধ্যে অতীতে আর কোনো সিভিল গভর্ণমেন্টের আমলে এখনকার মতো এত বেশি অস্থিরতা দেখা যায়নি। … বর্তমান সরকারের আমলে প্রশাসন ও আমলাতন্ত্র সম্পর্কে সু কিংবা কু কোনোরকম নীতি আছে বলে মনে হয় না। এখন পর্যন্ত ব্যুরোক্রেসি নিয়ে যা করা হয়েছে তাকে নৈরাজ্য বা বিশৃঙ্খলা বলাই ভালো। … পুরস্কার ও তিরস্কারের কোনো সুনির্দিষ্ট নীতি না থাকায় ক্ষমতাধর সুবিধাবাদী লোকেরা ব্যক্তি এবং গোষ্ঠীস্বার্থে প্রশাসনের বিভিন্ন জায়গায় ডিকটেট করছে। উড়ো চিঠি, ফোন এবং ভুল তথ্যের ভিত্তিতে চাকরি যাচ্ছে, শোকজ নোটিশ দেয়া হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে সরকারি অফিসারদের। এর মধ্যে দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তারাও পড়ে যাচ্ছেন অনেক সময়। কে কোনদিক থেকে কী করছেন কেউ ঠাহর করতে পারছে না। প্রধানমন্ত্রী সচিবালয়ের নামে, হাওয়া ভবনের নামে, বিএনপির পাওয়ারফুল নেতাদের নামে এবং তাদের আত্মীয়-স্বজনের নাম করে ঘটানো হচ্ছে এ ধরণের অপকর্ম।

খালেদা জিয়ার আশীর্বাদপুষ্ট শফিক রেহমান-এর পত্রিকায় পর্যন্ত জনঅসন্তোষের মুখে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে প্রকৃত পরিস্থিতি যে কতটা দুর্বিষহ ছিল, তা সহজেই অনুমেয়।

দখলদারিত্বের সর্বকালের রেকর্ড ভাঙলো বিএনপি-জামায়াত জোট:

ক্ষমতা গ্রহণের পর থেকে সবকিছু দখলে নেওয়ার জন্য বেপরোয়া আচরণ করতে শুরু করে বিএনপি-জামায়াত সরকার ও তার সমর্থকরা। কী ছিল না তাদের দখলের তালিকায়? ছিল বিশ্ববিদ্যালয়ের হলগুলো, বাস টার্মিনাল, গণশৌচাগার, ভিসির অফিস, বাড়ি, জমি, মুক্তিযোদ্ধা কার্যালয়, ঠিকাদার অফিস, কবরস্থান, আড়ত, দোকান, প্রেসক্লাব, কলেজ, এমপি হোস্টেলের স্যুট ও কক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান, কারপার্কিং-এর স্থান…। এমনকি মুক্তিযুদ্ধের ইতিহাসও পর্যন্ত ছিল তাদের দখলের এই তালিকায়।

এই দখলদারিত্বের বিষয়ে সাপ্তাহিক ২০০০-পত্রিকায় ২০০২ সালের ১৮ই জানুয়ারি সংখ্যায় ‘দখলের নতুন অধ্যায়’ শিরোনামে ৯ পৃষ্ঠার একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যা দেখে চমকে ওঠে দেশের মানুষ। কীভাবে সরকার ও প্রশাসনের ভেতরে বিস্তার করা হচ্ছে এক কালো থাবা, কীভাবে মাফিয়াদের কালো ছায়া গ্রাস করছিল পুরো দেশটাকে, কীভাবে দেশের সকল প্রতিষ্ঠান একে একে কুক্ষিগত হচ্ছিল মাফিয়াদের আস্তিনের তলে, তার এক নিদর্শন ছিল সেই প্রতিবেদন।

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বদলে দিয়ে রাতারাতি মিথ্যাচার প্রতিষ্ঠা করা হয় পাঠ্যপুস্তকের মাধ্যমে:

মুক্তিযুদ্ধের ইতিহাস দখল বিএনপি-জামায়াত জোট সরকারের দখলদারিত্বের তালিকায় একটি নতুন মাত্রা যোগ করেছিল। পাঠ্যপুস্তকের মাধ্যমে মিথ্যা ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছিল। ৮ম শ্রেণির ‘বাংলা সাহিত্য কণিকা’য়, স্বাধীনতার পথে স্মরণীয় যারা শীর্ষক রচনায় ঢোকানো হয়েছিল এক নির্লজ্জ মিথ্যাচার। লেখা হয়েছিল: “প্রভিশনাল বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার ও রাষ্ট্রপ্রধান হিসেবে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।”

মুক্তিযুদ্ধ চলাকালে যেখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষিত সরকারের একজন বেতনভুক সেনা কর্মকর্তা ছিলেন জিয়া। ২৫শে মার্চ রাতে (ক্যালেন্ডারের ২৬শে মার্চ) বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর সেই ঘোষণাপত্র বিভিন্ন জায়গা থেকে পুনঃপঠিত হয়েছিল। চট্টগ্রামের মাত্র ১০ কিলোওয়াট রেঞ্জের বেতারকেন্দ্র থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের অন্তত ৮ জন সেই ঘোষণাপত্র পাঠ করেন। কাছাকাছি থাকা মেজর রফিকুল ইসলামকে অনুরোধ করা হলে তিনি প্রতিরক্ষা ব্যূহ ত্যাগ করে ঘোষণাপত্র পাঠ করতে বিনীতভাবে অপারগতা জানানোর পর অপর জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেই ঘোষণাপত্র পাঠের অনুরোধ পেয়ে প্রথমে বঙ্গবন্ধুর নাম উল্লেখ ছাড়া এবং দ্বিতীয়বার আওয়ামী লীগ নেতৃবৃন্দের চাপে ‘বঙ্গবন্ধুর পক্ষে’ শব্দবন্ধ যুক্ত করে ঘোষণাপত্র পাঠ করেন। যার ধারণকৃত অডিও এখনো সংরক্ষিত রয়েছে রেকর্ড হিসেবে। জীবিতাবস্থায় জিয়া নিজেকে কখনো স্বাধীনতার ‘ঘোষক’ বলে দাবিও করেননি। এমনকি বিচিত্রায় প্রকাশিত তার একটি প্রবন্ধে তিনি নিজেই স্বীকার করেছেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ছিল সামরিক বাহিনীর সবার কাছেই স্বাধীনতার ঘোষণা।

স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নির্দেশে যুদ্ধ পরিচালিত হয়েছে এবং মুক্তিবাহিনীর অধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী। তাদেরকে ডিঙিয়ে সেই জিয়াকে বিএনপি সরকার ‘সুপ্রিম কমান্ডার’ এবং ‘রাষ্ট্রপ্রধান’ আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিল! কতটা কদর্য তাদের চিন্তাভাবনা, এটা সহজেই অনুমেয়।

বিএনপি-জামায়াতের আমলের ১০০ দিনের ‘আমলনামা’ (পর্ব-১)
ছবিঃ জয়ের ফেসবুক পোষ্ট

বিএনপির শুভাকাঙ্খী যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানও ইতিহাস দখলের এই অপচেষ্টা মেনে নিতে পারেননি। তিনি তার কলামে লিখেছেন- ‘প্রকৃত ইতিহাস তা নয়। ঘোষণাটি জিয়াউর রহমান পাঠ করেন ২৭শে মার্চ, ১৯৭১-এ এবং শেখ মুজিবুর রহমানের নামেই তিনি সেই ঐতিহাসিক ঘোষণাটি পাঠ করেন। এই তথ্য বিকৃতির ফলে সরকারের বিশ্বাসযোগ্যতা অনেকখানি কমে গেছে (যায়যায়দিন, ২২শে জানুয়ারি, ২০০২)।

অধ্যাপক ড. হুমায়ুন আজাদ তার একটি কবিতায় লিখেছিলেন, ‘একদিন সবকিছু নষ্টদের অধিকারে যাবে।’ বিএনপি-জামায়াত সরকারের ১০০ দিনে সবকিছু কি নষ্টদের দখলে চলে যাওয়ার দৃশ্যই দেখেছে জাতি।

ঘর থেকে বেরোলে কি প্রাণ নিয়ে ঘরে ফেরা যাবে:

আইন-শৃঙ্খলা পরিস্থতির এতটাই অবনতি হয়েছিল যে, দেশের প্রতিটি মানুষ এক ভয়ঙ্কর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই সংঘটিত হচ্ছিল মারাত্মক অপরাধসমূহ।

এ প্রসঙ্গে ২০০১ সালের ১০ই অক্টোবরের ডেইলি স্টার পত্রিকায় লেখা হয়েছে: ‘সালাউদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম-৭), ভিপি জয়নাল (ফেনী-২), ইলিয়াস আলী (সিলেট-২) এবং হাফিজ ইব্রাহিম (ভোলা-২) এইসব বিএনপি নেতাদের অপরাধ জগতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে অভিযোগ রয়েছে। এদের অনেকের বিরুদ্ধে হত্যা, বেআইনী জমি দখল, সশস্ত্র সন্ত্রাসীদের নেতৃত্বদান এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এমনকি শীর্ষস্থানীয় বিএনপি নেতা মির্জা আব্বাসের (ঢাকা-৬) বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাস টার্মিনাল দখলের। সন্ত্রাসের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকার তার বিরুদ্ধে জন-নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে এবং চার্জশিটের প্রক্রিয়া চূড়ান্ত করেছে।

নামগুলো দেখুন। রাজাকার সাকাচৌ, রাউজানের আরেক কুখ্যাত খুনি এবং সন্ত্রাসের গডফাদার, যার দাপটে রাউজান, রাঙ্গুনিয়াসহ বিস্তীর্ণ এলাকার মানুষ ছিল ঘরবাড়িছাড়া। দখল এবং হত্যাযজ্ঞ ছিল নিয়মিত ঘটনা। ফেনী অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করা সেই ভিপি জয়নাল, যার হাতে অগুণিত আওয়ামী লীগ নেতা-কর্মী খুন হয়েছে। ইলিয়াস আলী তো ছাত্রাবস্থা থেকেই ছিলেন খুনি। এরশাদের নতুন বাংলা ছাত্রসমাজের সশস্ত্র ক্যাডার ইলিয়াসের খুন খারাবির হাত দেখে ছাত্রদলে তাকে টেনে এনে পদ দেওয়া হয়। খালেদা জিয়ার নির্দেশে ৯০-তে ছাত্রলীগ নেতা চুন্নু ও ৯১-তে ছাত্রলীগ নেতা লিটনকে হত্যা করেন ইলিয়াস। সর্বমোট ১৮টি হত্যা মামলা ছিল তার নামে। ছাত্রদলের নেতৃত্বে উঠে আসেন তিনি; রুহুল কবির রিজভী হন সভাপতি, ইলিয়াস হন সাধারণ সম্পাদক। এরপর আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। ছাত্রদল ও বিএনপির বহু নেতাকেও হত্যা করেন তিনি। খালেদা জিয়া একে একে সব কিছু থেকে তাকে মুক্তি দিয়ে এমপি বানান।

এলাকায় সাইফুর রহমান গ্রুপের সাথেও ইলিয়াসের দ্বন্দ্ব ছিল। তার গুম হওয়ার পেছনে দলীয় কোন্দলকে দায়ী করেন মির্জা আব্বাস। তবে এসব তো বেশিদিন আগের ঘটনা নয়। ২০০১-২০০৬ আমলে এমপি হয়েই প্রথম দিন থেকে বিরোধীদলকে দমনে রীতিমত রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন তিনি। হাফিজ ইব্রাহিম আবির্ভূত হন মূর্তিমান ত্রাস হিসেবে। ভোলা অঞ্চলের সংখ্যালঘুরা আজও তার নাম শুনলে কেঁপে ওঠেন। নির্বাচনে জয়লাভের পরই প্রথম দিন থেকে ভোলা এলাকায় তার সন্ত্রাসী বাহিনী হিন্দুদের ঘরবাড়ি লুট, অগ্নিসংযোগ, নারী-শিশু ধর্ষণ ও গণধর্ষণ, খুন, অঙ্গহানি, ভিটেমাটি থেকে উচ্ছেদ, দেশত্যাগে বাধ্য করা, জমি দখলসহ হেন কোনো অপরাধ নেই, যা ঘটায়নি।

দেশের মানুষ রীতিমত অসহায় হয়ে পড়েছিলেন বিএনপি-জামায়াতের এই তাণ্ডবের কারণে। জনগণ ধরেই নিয়েছিলেন আত্মমর্যাদা নিয়ে নিজের মতো করে কাউকে হয়ত বাঁচতে দেবে না সরকার। আরেকটি মর্মান্তিক ঘটনার কথা অনেকের মনে থাকবে। ছাত্রদল-যুবদলের ক্যাডার দোয়েল, খলিল, মোফাজ্জল ও রিপন এবং পুলিশের এসআই বাশারের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন নারায়ণগঞ্জ চারুকলার ছাত্রী সিমি। এভাবে দেশজুড়ে অপরাধে আর নৃশংসতায় বিপর্যস্ত হয়ে পড়েছিল সাধারণ মানুষের জীবন। ছিনতাই আর চাঁদাবাজি পরিণত হয় অন্যান্য অপরাধের তুলনায় অত্যন্ত লঘু ঘটনা।

সাপ্তাহিক যায়যায়দিন-এর ২২শে জানুয়ারি ২০০২ সংখ্যায় সম্পাদকীয় কলামে লেখা হয়েছিল: ছোট ছোট অপরাধের ঘটনা ব্যাপকভাবে ঘটে চলেছে। উল্লেখযোগ্য হচ্ছে ছিনতাই ও চাঁদাবাজি। প্রতিদিন এই সবের শিকার হচ্ছে অসংখ্য মানুষ। পথে হাঁটা, রিকশা বা বেবি ট্যাক্সিতে চলাচলকারী মানুষ এতে আক্রান্ত হচ্ছে বেশি। তারা সর্বস্ব হারিয়েও থানায় জিডি করে না, কারণ এতে কোন লাভ হয় না। … এক সপ্তাহে একই ব্যক্তি একাধিকবার ছিনতাইকারীর কবলে পড়ার মতো ঘটনাও ঘটেছে। কখনো বেবি ট্যাক্সিতে উঠে, কখনো প্রকাশ্য রাস্তায় অস্ত্র বা ছোরা ঠেকিয়ে কেড়ে নিচ্ছে টাকা-পয়সা, মোবাইল ফোন সেট, ঘড়ি, কখনো টাকা নেয়ার পরও ছুরিকাঘাত করছে। চলে যাওয়ার সময় চোখে-মুখে জ্বালা ধরে এমন পাউডার বা কেমিক্যাল ছিটিয়ে যাওয়ার ঘটনাও শোনা গেছে। সাথে টাকা না পেয়েও জামা-কাপড় খুলে নেয়ার ঘটনাও ঘটেছে। ঢাকা শহরের সব এলাকাতেও চলছে এ ধরণের ছিনতাই। … একজন মানুষ সারা মাস পরিশ্রম করে মাস শেষে বেতন পায়। তার সংসারের পুরো মাসের সম্বল পকেটে পুরে অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হলে তা কেড়ে নিচ্ছে ছিনতাইকারী। আক্রান্তের মনের অবস্থাটা যে কী, তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এই রকম মানসিক ও আর্থিক নির্যাতন থেকে নাগরিকদের রক্ষা করার দায়িত্ব সরকারের।

দেশের শীর্ষ গণামাধ্যমগুলোর প্রথম পাতায় বড় হেডিংয়ের বক্তব্য ছিল- আমরা কি নিশ্চিত করে বলতে পারি যে, সকালে ঘর থেকে বেরিয়ে আবার নিরাপদে ফিরতে পারবো?

এ কোন শান্তিময় ভবিষ্যত:

ক্ষমতায় আরোহন করে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের মানুষকে সুন্দর ও শান্তিময় ভবিষ্যতের যে স্বপ্ন দেখিয়েছিলেন, ১০০ দিনে তা পুরোটাই ভেস্তে যায়। সরকার ক্ষমতায় বসার পরেই মানুষের দুর্ভোগ সীমানা ছাড়া হয়ে যায়। তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমানের বেসামাল সংলাপের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছিল নিত্যপণ্যের দাম। চাল, ডাল, আটা, তেল, মাছ-মাংসসহ সব জিনিসেরই দাম বেড়ে যায় হু হু করে। সেই তুলনায় বাড়েনি মানুষের আয়। সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে ব্যর্থ, ছিল না ব্যবসায়ীদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ। বিএনপি-জামায়াত জোটকে ক্ষমতায় বসানোর জন্য যে পরিমাণ ইনভেস্ট (চাঁদা) করতে হয়েছে, তা উঠিয়ে নিতে হলে জিনিসপত্রের দাম না বাড়িয়ে উপায় কী- এমন প্রকাশ্য বক্তব্য ছিল ব্যবসায়ীদের। সরকারিভাবেই তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো হয়েছিল। খেতে না পেরে, পরিবারের ভরণ-পোষন দিতে না পেরে বহু মানুষের সপরিবারে রেলের নিচে বা নদীত ঝাঁপ, বিষ খেয়ে, গলায় দড়ি দিয়ে মৃত্যুর ঘটনা ছিল নিত্তদিনের খবর।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এক সভায় বলেছিলেন, ১০০ দিনে জোট সরকার মুল্য বৃদ্ধি ছাড়া কিছুই দিতে পারেনি। সাংবাদিক আতাউস সামাদও না বলে পারেননি- দেশের লোককে সুখের মুখ দেখানোর নির্বাচনী প্রতিশ্রুতি প্রদান এই সেদিনের ব্যাপার হলেও দেশজুড়ে মানুষকে অসুখী করেছে বিএনপি সরকার জ্বালানি, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে। ভোটাররা এখন প্রকাশ্যেই প্রশ্ন করছেন, আর কী কী এবং কত ভারী সব বোঝা চাপাবে এই সরকার তাদের ওপর!

দায়িত্বশীলদের কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের কিছু নমুনা এবং অন্যান্য:

  • * ৬০ জনের মন্ত্রীসভা এমন কিছু বেশি নয়। এতে তেমন খরচ বাড়বে না : খালেদা জিয়া [প্রথম আলো, ৩রা ডিসেম্বর, ২০০১]
    * সবুরে মেওয়া ফলে। এতো অধৈর্য হলে চলবে না : বিএনপি মহাসচিব ও মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়া, শরিক দলগুলোর উদ্দেশ্যে [প্রথম আলো, ১৫ই জানুয়ারি, ২০০২]
    * দেশ চালায় আল্লাহ, মন্ত্রীরা চালায় না : এমসিসিআই-এর সভায় অর্থমন্ত্রী সাইফুর রহমান [ভোরের কাগজ, ২৫শে জানুয়ারি, ২০০২]
    * নজর রাখবেন আমার দলের লোক খুন হয়েছে, আবার দলের লোকদের বিরুদ্ধে যেন মামলা না হয় : দলীয় কোন্দলে নিহত বিএনপি নেতা খালেদ ইমামের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে বিএনপি সাংসদ মেজর মান্নান [প্রথম আলো, ২রা জানুয়ারি, ২০০২]
    * দলে চোর-ডাকাত অনেকেই থাকে। তাদের সঙ্গেই আমাদের রাজনীতি করতে হয় : বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি একরামুল করিম [প্রথম আলো, ১৩ই ডিসেম্বর, ২০০১]
    * শালাদের চোখ তুলে ফেল : আওয়ামী লীগ নেতাদের উপর হামলা চালনাকালে পুলিশের প্রতি এডিসি কোহিনুর মিয়ার নির্দেশ [ইত্তেফাক, ১০ই জানুয়ারি, ২০০১]
    * বিএনপি সরকারের আমলে ন্যায়বিচার পেলাম, খালেদা জিয়া জিন্দাবাদ : এরশাদ শিকদার, একটি হত্যা মামলায় খালাস পেয়ে [প্রথম আলো, ২৬শে অক্টোবর, ২০০১]
    * পুলিশের চাঁদাবাজি ও হয়রানির কারণে বান্দরবানের সম্ভাবনাময় পর্যটন শিল্প এখন ধ্বংসের মুখে : জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মাবুদ [প্রথম আলো, ২রা জানুয়ারি, ২০০২]

সূত্রঃ সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ