গাজীপুরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান বিস্ফোরণে ৫জন দগ্ধ

গাজীপুরের মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় সিএনজি স্টেশনে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস তিনটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হচ্ছেন-আল আমিন, পারভেজ ও অজ্ঞাত পরিচয়ের আরও তিন ব্যক্তি। তাৎক্ষণিকভাবে দগ্ধদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধরা কাভার্ডভ্যানের স্টাফ বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কভার্ডভ্যানে গ্যাস ভরার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যা ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সূত্রঃ ইত্তেফাক