Home গদ্য-পদ্য “ আমি ভালো আছি ”

“ আমি ভালো আছি ”

106
0
আমি ভালো আছি

জমে থাকা কষ্টের ভাঁজ খুলে
কাগজের নৌকা বানিয়ে নদীতে ভাসিয়ে দিলাম।
ছেঁড়া পালের নৌকায় বসে জিজ্ঞেস করলাম, মাঝি কেমন আছো?

পান খাওয়া মুখের খয়েরী দাঁতগুলো বের করে উদাস মনে বলে,
রোদে পুড়ি,বৃষ্টিতে ভিজি,মাঝে মধ্যে মন ভালো করার জন্য বাউলা গান গাই,এইতো আমগো থাকা…
বিড়বিড় করে নিজেই নিজেকে শোনাই,”আমি ভালো আছি।”

সমুদ্র পাড়ে হেঁটে যাওয়া আমি একটু নুয়ে নুড়ি তুলে হাতের তালুতে কিছুক্ষণ মুষ্টিবদ্ধ করে নিজের ভেতরের কষ্টের বিষ গুলোকে নিংড়ে নুড়িপাথরে স্থানান্তরিত করে ছুড়ে ফেলে দেই উত্তাল ফেনা রাশিতে।
বিষ মুক্ত আমি জিজ্ঞেস করি, তোমার অতল গর্ভে বিশাল সম্পদের ভান্ডার ধারণ করে তুমি কেমন আছো সমুদ্র ?
দাম্ভিক সাগর তার গর্জন শুনিয়ে দেয়,আমিও দ্বিগুণ গর্জন করে বলি
“আমি ভালো আছি।”

বিষন্নতায় মোড়ানো নীল খামটি আকাশের মেঘের কাছে বন্ধক রাখি,
আর জিজ্ঞেস করি বর্নিল আকাশ তুমি কেমন আছো?
সোনা ঝরা আকাশ থেকে ঝুপঝুপ করে নামে বৃষ্টি, আর আমি বৃষ্টি ভেজা দুপুরে ডায়রির পাতায় পাতায় লিখে যাই “আমি ভালো আছি।”

তুমি একটা শক্ত পোক্ত বিশালাকৃতির পাথর যার চারপাশে অরন্য, মাঝে মাঝে রঙ ধনুর মুকুট লাগাও তোমার চূড়ায়, তুমি কেমন আছো পাহাড়?

পাহাড়ের বুকচেরা ঝরঝর করে ঝরে পরা ঝর্ণা ধারা দেখে চুপসেগিয়ে
নিজের ভেতরের ঝর্ণা ধারাকে লুকিয়ে,
ভাবি “এই আমি ভালো আছি।”

লেখক- জেসমীন আক্তার