খেলা নিয়ে সংঘাত নতুন কিছু নয়। শনিবার রাতে প্যারিসের বিখ্যাত চ্যাম্পস এলিসিস চত্বরে মরক্কো ও ফ্রান্সের ফুটবল সমর্থকরা হালকা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।
রয়টার্স এর সূত্রমতে, শনিবার (১০ ডিসেম্বর) রাতে পর্তুগালের বিপক্ষে মরক্কোর ম্যাচ দেখার জন্য প্যারিসের চ্যাম্পস এলিসিস চত্বরে হাজার হাজার মরক্কোর সমর্থক ভিড় জমায়। পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর মরক্কোর সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন। এর মধ্য দিয়ে আফ্রিকা বা আরবের প্রথম কোনো দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে যায় মরক্কো।
এর কিছুক্ষণ পরই ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতে ফ্রান্সও সেমিফাইনাল নিশ্চিত করে। ফ্রান্সের সমর্থকরাও চ্যাম্পস এলিসিস চত্বরে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে।
উল্লাসময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। ফ্রান্স ও মরক্কোর সমর্থকরা সংঘাতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। কয়েকজনকে আটকও করা হয়েছে। ১৪ ডিসেম্বর সেমিফাইনালে মুখোমুখি হবে মরক্কো-ফ্রান্স।
এদিকে ২৭ নভেম্বর গ্রুপ পর্বে মরক্কোর কাছে ২-০ গোলে হারে বেলজিয়াম। এরপর বেলজিয়ামের মরক্কোর মানুষ অধ্যুষিত অঞ্চলে ছোটখাটো দাঙ্গা ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, উত্তর আফ্রিকার দেশ মরক্কো ১৯১২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল। এ কারণে ফ্রান্সে মরক্কো বংশোদ্ভুত অনেক মানুষ রয়েছে।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ








