স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা

বাংলাদেশের স্বনামধন্য ইংরেজী মাধ্যম স্কুল স্কলাস্টিকার প্রতিষ্ঠাতা ও সাবেক উপদেষ্টা ইয়াসমিন মোর্শেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইংরেজি মাধ্যম শিক্ষার অগ্রদূত, স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইয়াসমিন মোর্শেদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টা ৩১ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

স্কলাস্টিকা স্কুলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মিসেস ইয়াসমিন মোর্শেদ মৃত্যুকালে তার সন্তান মাধিহা মোর্শেদ ও এক পুত্রসন্তানকে রেখে গেছেন। পরিবার ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) বাদ জুমা আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৪টায় স্কুলের উত্তরা শাখায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ইয়াসমিন মোর্শেদ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং উদ্যোক্তা। ১৯৪৫ সালের ১৯ মে ভারতের কলকাতায় খাজা জাকিউদ্দিন ও বেগম বিনুর ঘরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে ঢাকার ভিকারুন্নিসা নূন স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীকালে স্বামী সৈয়দ তানভীর মোর্শেদের পাকিস্তানে কর্মস্থলে থাকার সময় তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং ১৯৬৯ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৭৭ সালে তিনি ঢাকায় স্কলাস্টিকা স্কুল প্রতিষ্ঠা করেন, যা আজ দেশের অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষা খাতে তার উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্ব হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০০৬ সালের ৩১ অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়াসমিন মোর্শেদ। তিনি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শিক্ষা, প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্কলাস্টিকার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক মহলে তার মৃত্যু গভীরভাবে অনুভূত হচ্ছে।

ইয়াসমিন মোর্শেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নের ইতিহাসে।

–নিউজ ডেস্ক