রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিহত আরও বাড়তে পারে।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে রাজশাহীর কাটাখালীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। বাস এবং মাইক্রোবাসটি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ছয়জন নিহত হন।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যাত্রীরা পুড়ে গেছেন। তাদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। এছাড়া আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দুর্ঘটনাস্থলে এসেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্রঃ মানবকন্ঠ







