হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনাইদ বাবুনগরী সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত ঘোষণা করেছেন।

রবিবার রাতে হেফাজতে ইসলামের ফেইসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

তিনি জানান, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে এই ঘোষণা দেয়া হলো।

তিনি আরও জানান, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবারও হেফাজতে ইসলাম তার কার্যক্রম শুরু করবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে জমায়েতের মাধ্য আলোচনায় আসে হেফাজতে ইসলাম। গত মাসের শেষ দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে হেফাজতের বিক্ষোভ ও হরতাল থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামে সহিংসতা ছড়িয়েছিল, যাতে কয়েকজন নিহত হয়। ওই ঘটনার পর পুরনো বিভিন্ন মামলায় হেফাজতের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভ–সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৯ হাজারের বেশি জনকে আসামি করা হয়েছে। এই পরিস্থিতিতে কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির কমিটি বিলুপ্তির ঘোষণা দিলেন বাবুনগরী।

সূত্রঃ দেশরুপান্তর