যুব জমিয়ত বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে মাওলানা ইসহাক কামাল সভাপতি এবং মাওলানা চৌধুরী নাসির আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৬১ সদস্যবিশিষ্ট এই নতুন কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মাওলানা সোলাইমান মাদানী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আতাউর রহমান স্থান পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত যুব জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের ঐতিহ্যবাহী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।

বর্ণাঢ্য সম্মেলনে নতুন নেতৃত্ব ঘোষণা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ আনুষ্ঠানিকভাবে ৬১ সদস্যের এই নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনটিতে সভাপতিত্ব করেন যুব জমিয়তের বিদায়ী সভাপতি মাওলানা তাফহীমুল হক। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, “আমাদের প্রথম দায়িত্ব হলো ওহীর জ্ঞান সংরক্ষণ করা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”
ব্যক্তিগত জীবনে দ্বীনদারির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “রাজনীতির স্বার্থে দ্বীনের হালাল-হারাম কখনো বিসর্জন দেওয়া যাবে না। কোনো বাতিলের সঙ্গে আপস করার সুযোগ নেই।” তিনি আরও যোগ করেন, যুব জমিয়ত কেবল আলেমদের সংগঠন নয়; সাধারণ দ্বীনদার মানুষ, তরুণ ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
জাতীয় সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান
প্রধান বক্তার বক্তব্যে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বৈষম্য ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়ার জোর দাবি জানান।
একইসঙ্গে তিনি দেশের কৃষকদের সার সংকট এবং বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের সংকট দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ২০২৪ সালের অর্জন মুছে ফেলার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্র জমিয়তের সাবেক ও বর্তমান প্রতিনিধিরা বক্তব্য রাখেন।











