রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু
প্রতীকি ছবি

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে ছিটকে পড়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন।

তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, বগুড়া থেকে রাতের বাসে চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন।

শনিবার ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন এবং সেখান থেকে রিকশাযোগে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী দল তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়।

এতে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন তিনি এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে রক্তাক্ত হন। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও অপরাধীদের শনাক্তে কাজ চলছে।

সূত্র: মানবজমিন