Home রাজনীতি খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, বুধবার সাধারণ ছুটি

185
0
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

একই সঙ্গে মরহুমার জানাজা ও শেষ বিদায় উপলক্ষে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টার ভাষণ

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং গণতন্ত্রের আপসহীন নেত্রীকে হারালো। তাঁর সম্মানার্থে বুধবার থেকে পরবর্তী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। শোক চলাকালীন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

তিনি আরও বলেন, “বেগম জিয়ার জানাজা ও শেষ বিদায়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এই শোকের মুহূর্তে আমি দেশবাসীকে ধৈর্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

শোক পালনের কর্মসূচি

সরকারি ঘোষণা অনুযায়ী, শোক পালনের সময় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতেও শোক পালিত হবে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।