মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
ছবি: সংগৃহীত
banner

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটে এই ঘটনা।

হকাররা জানান, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় সেখানে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়, যা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা।

এরপর তারা সিটি করপোরেশনের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

আনসার সদস্যদের ধাওয়া, পুলিশের গাড়িতে ইটপাটকেল

সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে দৌড়ে মিরপুর ১৩ নম্বরের দিকে যাচ্ছিলেন কিছু আনসার সদস্য, আর ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুঁড়ে মারছিল।

হোপ মার্কেটের সামনে বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি জায়গায় তখনও আগুন জ্বলছিল। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিক-আপ ভ্যান যাওয়ার সময় হকাররা সেটি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে।

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

আগুন নেভালো ফায়ার সার্ভিস

কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। হকারদের ভাষ্যমতে, সেখানে থাকা বিভিন্ন মালামালও আগুনে পুড়ে যায়।

সিটি করপোরেশনের গাড়িতে আগুন, বাধা সাংবাদিকদেরও

ঘটনার এক পর্যায়ে কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালান। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও তুলতে গেলে গণমাধ্যমকর্মীদেরও বাধা দেন হকাররা।

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

আগুনে পোড়া গাড়ির ছবি তোলার সময় সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর হামলা চালানো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।

সূত্র: সমকাল