মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা
ছবি: সংগৃহীত
banner

রাজধানীর মিরপুর-১-এ মধ্যরাতে একটি স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট এবং ভবন গুঁড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মুখোশধারী একদল ব্যক্তি ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে।

এরপর কেন্দ্রের ওষুধ, সরকারি ইপিআই টিকা, টিকাদানের রেজিস্টার-নথি, পরিবার পরিকল্পনার সরঞ্জাম, চিকিৎসা যন্ত্রপাতি ও নগদ টাকা লুট করে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

হামলার পর কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা, পরিবার পরিকল্পনা এবং শিশুদের টিকাদান সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রায় আড়াইশ মুখোশধারীর অংশগ্রহণ

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, প্রায় ২৫০ জন মুখোশধারী ব্যক্তি ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যানারে গভীর রাতে কেন্দ্রটিতে হামলা চালায়।

তারা কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করার পর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

আরো পড়ুন- ভুয়া ডাক্তারের ফাঁদে বাংলাদেশের স্বাস্থ্য খাত

কী কী লুট হলো

প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়।

এছাড়া লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে জেনারেটর, তিনটি ফ্রিজ, তিনটি এসি, সিসিটিভি ক্যামেরা, তিনটি স্টিলের আলমারি, পাঁচটি ফাইল কেবিনেট, ল্যাবরেটরির বিভিন্ন সরঞ্জাম ও রিএজেন্ট, দুটি টেলিভিশন, দুটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার এবং বিভিন্ন আসবাবপত্র।

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা
রাড্ডা সেন্টারে লুটপাট করে সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। ছবি: সংগৃহীত

ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন গুঁড়িয়ে সাইনবোর্ড টাঙানো

লুটপাটের পর হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভেঙে ফেলে বলে অভিযোগ করেছে রাড্ডা কর্তৃপক্ষ।

এরপর সেখানে ‘সম্মাননা দোকানদার সমিতি লিমিটেড’-এর একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয় বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ডা. নাসরিন আখতারের ভাষ্যমতে, এই লুটপাট ও ভাঙচুরে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা।

বন্ধ হয়ে গেছে হাম-রুবেলা ক্যাম্পেইন

রাড্ডা কর্তৃপক্ষ জানায়, সরকারি হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রটি ভাঙচুর ও দখলের কারণে সেই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নিয়মিত টিকাদানসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমও চালানো যাচ্ছে না।

নির্বাহী পরিচালক দ্রুত কেন্দ্রটি পুনর্নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালু করা, জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা এবং পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

মামলায় নাম উল্লেখ করা হলো হানিফ মিয়ার

এই ঘটনায় শাহ আলী থানায় মামলা করেছেন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মামলায় হানিফ মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রের জমি দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে অন্য একটি সংগঠনের সাইনবোর্ড টাঙানোর ঘটনাকে এই দখলচেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: ইত্তেফাক