দেশে বর্তমানে শীর্ষ সন্ত্রাসীর সংখ্যা খুবই সীমিত বলে জানিয়েছেন মো. সরওয়ার। তবে যারা সক্রিয় রয়েছে, তারা মূলত আগের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী এবং নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। “তারা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে,”—বলেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উদ্যোগে তেজগাঁও থানার অধীনে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন কমিশনার।
আরো পড়ুন- টিটন হত্যায় জড়িত নই, তাকে ‘টোপ দিয়ে’ মারা হয়েছে: পিচ্চি হেলাল
তিনি আশা প্রকাশ করেন, এই ক্যাম্পটি এলাকায় চাঁদাবাজি, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে কমিশনার বলেন, কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে চাকরিচ্যুতি ও বিভাগীয় মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহে বিভিন্ন অভিযোগে একাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
মামলা নিতে অনীহার অভিযোগের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, থানার দায়িত্বই হলো মামলা গ্রহণ করা। কেউ মামলা নিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ২৪টি জোনাল এসি (সহকারী পুলিশ কমিশনার) অফিসে অভিযোগ জানানো যেতে পারে।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র- সমকাল







