পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে সারাদেশে ধর্মঘট পালন করছে ট্রেনচালক তথা রানিং স্টাফরা। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) ভোর থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন চালকরা।
ট্রেন চলাচল বন্ধ থাকায় সারাদেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন।
এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, মঙ্গলবার রাত তিনটা ২০ মিনিটে সারা দেশের ট্রেন কমলাপুরসহ বিভিন্ন গন্তব্যে এনে চলে যায়।
বুধবার সকাল থেকে কোনো চালক বা রানিং স্টাফ স্টেশনে আসেনি। এর ফলে ভোরবেলা থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন কমলাপুর বা সারা দেশে চলাচল করেছে না। যার ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। পূর্বঘোষণা ছাড়া তারা এ ধর্মঘট শুরু করেছে। তবে এ নিয়ে রেল কতৃপক্ষের সঙ্গে রানিং স্টাফদের আলোচনা চলছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক চিঠিতে জানিয়েছে, অতিরিক্ত বেতন-ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করার কোনো সুযোগ নেই। তাই রেলের রানিং স্টাফদের অতিরিক্ত ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেয়ার প্রস্তাব সম্মতি দেয়া হয়নি।
ট্রেন চালকদের একটা দাবি, নির্দিষ্ট আট ঘণ্টার বেশি কাজ করলে যে অতিরিক্ত ভাতা (মাইলেজ) দেওয়া হয়, সেটা যেন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা করে সেটা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করে।
অর্থ মন্ত্রণালয়ের এ চিঠির প্রেক্ষিতেই চালক ও রানিং স্টাফরা ধর্মঘটে নেমেছে বলে জানা গেছে।







