ইউক্রেন থেকে রোমানিয়া পাঠানো হচ্ছে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রাশিয়ার হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) মলদোভা হয়ে রোমানিয়ায় পাঠানো হবে। তার মরদেহ শুক্রবার (১১ মার্চ) দেশে আসতে পারে বলে জানিয়েছে রোমানিয়া ও পোল্যান্ডের সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মলদোভায় আনা হবে। সেখান থেকে রোমানিয়া হয়ে দেশে আসবে তার মরদেহ।
গত ২ মার্চ ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন। পরদিন ৩ মার্চ ওই জাহাজ থেকে অক্ষত অবস্থায় ২৮ জন নাবিককে সরিয়ে নেয়া হয়। প্রাথমিকভাবে তাদের নিরাপদ বাঙ্কারে রাখা হয়। সেখান থেকে তাদের প্রথমে মলদোভা এবং পরে রোমানিয়ায় নিয়ে আসা হয়। বুধবার (৯ মার্চ) ২৮ জন নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়।
২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল ‘এমভি বাংলার সমৃদ্ধি’। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজ গত ২২ ফেব্রুয়ারি অলভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটি ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর তারা আটকে পড়েছিলেন সেখানে।
সূত্রঃ ভোরের কাগজ







