প্রধানমন্ত্রী সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যায়ী হওয়ার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের সময় এসেছে। এর মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রয়োজনীয় বাতি ছাড়া সব বন্ধ থাকছে। এসিও বন্ধ থাকছে। তাই বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২ পরিষদের ১৫তম কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডিএনসিসির সচিব মো: মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্হ্য কর্মকর্তা ব্রি: জেন: জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রি: জে: আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, প্রতিটি রাস্তায়-মহল্লায় অটোরিক্সায় সয়লাব। এই অটোরিকশাগুলো বিদ্যুৎ বিধ্বংসী। পাশাপাশি এগুলোতে প্রচুর দুর্ঘটনাও ঘটছে। রিকশা চালকদের কষ্ট হবে এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, এই শহরে আগে অনেক পায়ে চালিত রিকশা চলতো। এখনো চলে। আমরা তো পায়ে চালিত রিকশা বন্ধ করে দিচ্ছি না। যে অটোরিকশাা চালাতো সে পায়ে চালিত রিকশা চালাবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২২-২৩ অর্থবছরের ৫ হাজার ৪৮ কোটি টাকার বাজেট অনুমোদন দেয়া হয় সভায়। এই বাজেট প্রসঙ্গে মেয়র বলেন, পুরো বিশ্ব বর্তমানে কাভিড, কনফ্লিক্ট এবং ক্লাইমেট চেইঞ্জ জন্য টালমাটাল অবস্থায় রয়েছে। এই তিন সি আমাদের দেশের জন্যও চ্যালেঞ্জ। তবে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক মহামারী করোনা, সংঘর্ষ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ডিএনসিসি গত ২০২১-২২ অর্থবছরে প্রায় ৮শ কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
ডিএনসিসি মেয়র আরোও বলেন, বর্তমান পরিস্থিতিতে ডিএনসিসির ২০২২-২৩ অর্থবছরের গৃহীত বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিতব্যয়ী হতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। এ,বি, সি ক্যাটেগরি অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে হবে।
সূত্রঃ ভোরের কাগজ







