Home অপরাধ ধামরাইয়ে গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

ধামরাইয়ে গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

100
0
ধামরাইয়ে গরু চুরির অভিযোগে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরির অভিযোগে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে বুধবার (২ নভেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রীর নাম বাবলী আক্তার। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী। তিনি সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাসিন্দা ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চোরেরা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে বাবলীর হেফাজতে রেখে বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করা হয়েছে। সর্বশেষ একটি ষাঁড় জবাই করে কশাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন বাবলী।

ধামরাইয়ে বিভিন্ন সময় গরু চুরির ঘটনায় মামলা হয়েছে। কয়েকটি মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ বাবলীর সম্পৃক্ততা পায় বলে জানান ওসি।

গরু চুরির ঘটনায় বাবলীর সম্পৃক্ততার বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা। অনৈতিক কাজে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ জানানো হবে। এ ছাড়া তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’

গত শনিবার রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড গ্রামের আবদুল লতিফের একটি ষাড় ও একটি গাভি চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় জনতার হাতে আটক হন বরিশালের মুলাদি থানার গলইভাঙ্গা গ্রামের কদম আলী সরদারের ছেলে হাবুল সরদার। এ ঘটনায় গরুর মালিক আবদুল লতিফ মামলা করেন।

এর আগে গত এক সপ্তাহে ধামরাইয়ের বিভিন্ন গ্রাম থেকে অন্তত ২০টি গরু চুরি হয় বলে পুলিশের ভাষ্য।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ