সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসা থেকে ছাত্রলীগের ৭ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার ( ১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ষোলশহর চশমা হিলের বাসভবনে এ অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান খবরের কাগজকে বলেন,
‘গোপন তথ্যে জানতে পেরেছি ‘সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাস ভবনে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছে এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নাশকতা চালানো চেষ্টা করছে এ কারণেই তার বাসায় অভিযান চালানো হয়েছে এবং সেখান থেকে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে যেমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে এর সত্যতা পাওয়া যায়নি বা তেমন কোনো আলামত আমরা দেখতে পায়নি।’
তিনি বলেন, সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর ওই ভবনের নীচ তলায় রান্না করে চট্টগ্রামের ষোলশহরের একটি রেস্টুরেন্টে ও ফুডপান্ডায় খাবার সরবরাহ করা হয়। যাদের আটক করা হয়েছে তারা খাবার সরবরাহ ও রান্নার কাজে জড়িত। এরপরও তাদের যাচাই বাছাই করা হবে। তাই তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ওসি আরও জানান, ওই ভবনের সিসিটিভির ডিভাইস পুলিশ জব্দ করেছে সেটিও যাচাই করে দেখা হবে এবং ওই বাড়িতে ফ্যাসিবাদী কোনো লোকজন আসা-যাওয়া করেছিল কিনা দেখা হবে।
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় বিকেল তিনটার দিকে পুলিশ প্রবেশ করে। প্রায় এক ঘণ্টা পুলিশ সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। বিকেল চারটার দিকে তল্লাশি শেষে পুলিশ চলে যায়।
পুলিশ জানায়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ওই বাড়িতে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরী অবস্থান করতেন। কিন্তু পুলিশের অভিযানে তাদেরকেও পাওয়া যায়নি।
এদিকে চট্টগ্রামের বিশেষ বিশেষ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহানগরের আগ্রাবাদ, চৌমুহনী, টাইগারপাস, মুরাদপুর, বন্দর, বহাদ্দাহাট, অক্সিজেন এলাকায় সকাল থেকে পুলিশ দেখা যায়। ১৩ নভেম্বর আওয়ামীলীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে সিএমপি।
সূত্রঃ খবরের কাগজ










