Home স্পোর্টস ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ

ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ

178
0
ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ

স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনকে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। অভিযান চালানো হচ্ছে সম্ভাব্য সব জায়গায়। আজ শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশের একটি সূত্র কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশের ওই সূত্র জানায়, ক্রিকেটার আল আমিন হোসেনের মোবাইল ফোনের নম্বরটি বন্ধ থাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করা হচ্ছে। আল আমিনের বাসাসহ সব পরিচিত জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সূত্র আরও জানায়, আল আমিনের সঙ্গে কথিত যে নারীর প্রেমের সম্পর্ক রয়েছে তাকেও নজরদারিতে রেখেছে পুলিশ।

মিরপুর মডেল থানায় করা আল আমিনের স্ত্রীর মামলার তদন্ত কর্মকর্তা মো. সোহেল রানা কালবেলাকে বলেন, ‘আল আমিনকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’

গত বৃহস্পতিবার আলামিনের স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করা হয়। ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান এ মামলার এজাহার গ্রহণ করেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে ক্রিকেটার মো. আল আমিন হোসেনের সঙ্গে ইসরাতের বিয়ে হয়। তাদের সাংসারিক জীবনে দুটি সন্তান রয়েছে। ফ্ল্যাটের মূল্য পরিশোধ করতে স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন আল আমিন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইসরাতকে মারধর করে বাসা থেকে বের করে দেন। পরে দুই পরিবার বসে মীমাংসা করেন। কিন্তু তারপরও থামেননি আল আমিন। দিনের পর দিন স্ত্রীর ওপর অন্যায় অত্যাচারসহ শারীরিক নির্যাতন অব্যাহত রাখেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট আল আমিন যৌতুকের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। স্ত্রীকে তালাক দেওয়ার হুমকিও দেন। পরে ইসরাতের চাচা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। চিকিৎসা শেষে বাসায় ফিরলে আল আমিন তার সঙ্গে আগের মতোই আচরণ করতে থাকেন।

সূত্রঃ কালবেলা