সাভারের আশুলিয়ায় কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টার ঘটনায় পিস্তল সহ আটক হয়েছে দুইজন।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ীর গোচারের টেক এলাকায় কুয়েত প্রবাসী মোসলেম শেখের মালিকানাধীন শিরীন ভিলার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা দুই জনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন-আশুলিয়ার পলাশবাড়ীর গোচারের টেক এলাকায় কুয়েত প্রবাসী মোসলেমের স্ত্রী শিরিন আক্তার (৩৯), তার ছেলে শাকিল শেখ (২২) ও মেয়ে মুনমুন আক্তার মুন্নি (১৬)। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিরিন আক্তার জানান, বেলা ১১ টার দিকে দুইজন ব্যক্তি এসে দরজায় দাড়িয়ে বলে কুয়েত থেকে তাদের জন্য পার্সেল এসেছে। পরে দরজা খুলতেই তারা পেটে পিস্তল ধরে মুখ বন্ধ করে ঘরে প্রবেশ করে মেয়ে মুন্নি ও ছেলে শাকিলসহ আমাকে মারধর করতে থাকে। একপর্যায়ে তার মেয়ে কৌশলে বাসা থেকে বের হয়ে প্রতিবেশীদেরকে বিষয়টি জানায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে ওই দুই ডাকাতকে আটক ধরে গণধোলাই দেয়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমি তাদের কখনো দেখিনি, চিনিও না। হঠাৎ এসে বললো আপনাদের পার্সেল এসেছে। আমি মানা করতেই তারা আমার বুকে পিস্তল ও ছুরি ধরে। পরবর্তীতে আমাদেরকে মারধর করলেও তারা ঘরের কিছুই নিতে পারেনি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে স্থানীয়রা মারধর করায় দুজনই আহত হয়েছে। অন্যদিকে বাড়ির লোকজনও সন্ত্রাসীদের মারধরে আহত হওয়ায় তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রঃ ইত্তেফাক