Home বাংলাদেশ রুপনা-ঋতুপর্ণার বাড়িতে উপহার; রুপনার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

রুপনা-ঋতুপর্ণার বাড়িতে উপহার; রুপনার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

148
0
রুপনা-ঋতুপর্ণার বাড়িতে উপহার; রুপনার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিভিন্ন ব্যক্তির ওয়ালে ভাসছে রুপনা চাকমার জীর্ণ কুটিরের চিত্র। অচিরেই সেটা নতুন রূপ পাচ্ছে। সাফজয়ী নারী দলের গোলরক্ষকের ঘর নির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার রুপনা চাকমা ও ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাসায় উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় নিজে নানিয়ারচরে রুপনা চাকমার বাসায় ও পরে ঋতুপর্ণা চাকমার বাসায় মিষ্টি, ফলমূল ও নগদ অর্থ সহায়তার চেক নিয়ে যান জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নানিযারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নুরুল আবছার।

রুপনা-ঋতুপর্ণার বাড়িতে উপহার; রুপনার বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে রুপনা তার অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম কুড়িয়েছে, সে আমাদের পুরো জাতির গর্ব।

পাহাড়ের খেলোয়াড়দের সুনাম অক্ষুন্ন ধরে রাখতে প্রতিটি এলাকায় খেলাধূলার নিয়মিত চর্চার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক রুপনা ও ঋতুপর্ণা দুজনের পরিবারের হাতে নগদ দেড় লাখ করে মোট তিন লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া রুপনা চাকমার পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দিতে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমানকে নির্দেশনা প্রদান করেন।

উপহার পেয়ে আপ্লুত ঋতুপর্ণা চাকমা কৃতজ্ঞতা জানান নিজের ফেসবুক ওয়ালে। নেপাল থেকে মঙ্গলবার যেখানে তিনি লিখেছেন, ‘কী বলে যে শুরু করব, ভাবতে পারছি না। অসংখ্য ধন্যবাদ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান স্যারকে। আমি কল্পনা করতে পারিনি, আপনি নিজে বাসায় গিয়ে এত সুন্দর উপহার এবং আর্থিক অনুদান প্রদান করবেন।’

নিজের উঠে আসার পেছনে যাদের অবদান ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওই পোস্টে পার্বত্য অঞ্চলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা। ভবিষ্যতেও সবাইকে এভাবে পাশে চেয়েছেন সদা হাস্যোজ্জ্বল এই ফুটবলার।