Home রাজনীতি দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধার নবনির্বাচিত ইউপি সদস্য নিহত

দুর্বৃত্তদের হামলায় গাইবান্ধার নবনির্বাচিত ইউপি সদস্য নিহত

333
0
নিহত আব্দুর রউফ

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গোবিন্দপুর মসজিদ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আব্দুর রউফ ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে এবং স্থানীয় স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

পরিবারের দাবি, রউফ বাড়ি ফেরার পথে নির্মানাধীন একটি ব্রিজের কাছে মাগুরের কুটি গ্রামের হায়দার আলীর ছেলে আরিফ রড দিয়ে তার মাথায় আঘাত করে। উদ্ধার করে তাকে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কী কারণে আরিফ তার মাথায় রড দিয়ে আঘাত করেছে তা জানাতে পারেনি স্বজনরা।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় আবদুর রউফ লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে লক্ষ্মীপুর বাজারে যান। সেখান থেকে রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এ সময় রউফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

সদর উপজেলার ১২টি ইউনিয়নের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়। আব্দুর রউফ ১ নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে তিনি ৭৮৪ ভোট পেয়ে জয়ী হন। এর পরদিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফের ওপর হামলা চালানো হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় উত্তেজিত লোকজন আরিফের বাসায় অগ্নিসংযোগ করেছে বলে জানান স্থানীয় কয়েকজন।