Home গণমাধ্যম হাতিরঝিলে ডিবিসি নিউজের সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

হাতিরঝিলে ডিবিসি নিউজের সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

226
0
ডিবিসি নিউজের সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারী।

রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারীর (৩৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবিসি নিউজের বার্তাকক্ষ সম্পাদক অমিতাভ রহমান। তিনি বলেন, মরদেহের পাশ থেকে পুলিশ একটি ছুরি উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে এটি হত্যাকাণ্ড হতে পারে।

ডিবিসি নিউজের যুগ্ম বার্তা সম্পাদক মুক্তাদির অনিক পুলিশের বরাত দিয়ে  জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ৬-৭ ঘণ্টা আগে আব্দুল বারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান জানান, এক পথচারীর ফোন পেয়ে সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এখনো কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

এর আগে গত ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রঃ সমকাল