Home বাংলাদেশ রংপুর সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

রংপুর সিটি নির্বাচনে চলছে ভোটগ্রহণ

434
0
রংপুর

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।

তবে শীতের কারণে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি।

এবারে রসিক নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৬০ জন। মেয়র পদে ৯ জন ও কাউন্সিল পদে রয়েছেন ১৮৩ জন। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রংপুর

মেয়র প্রার্থীদের মধ্যে আছেন, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

রংপুরে ৩৩টি ওয়ার্ডে মোট দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২২৯টি কেন্দ্রে এবারের নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ভোটগ্রহণ ঘিরে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। প্রতিটি সাধারণ কেন্দ্রে ১৫ এবং ঝুঁকিপূর্ণ ৮৬টি কেন্দ্রে ১৬ জনের বাহিনী মোতায়েন করা হয়েছে।

এছাড়া আচরণবিধি নিশ্চিত করতে নিয়োগ করা হয়েছে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। একইসঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অপরাধের বিচার করতে ১৬ জন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্রঃ ইত্তেফাক