মাওলানা রইস হত্যা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত।

কর্মসূচির অংশ হিসেবে নগরের মুরাদপুর, অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।

নগরের মুরাদপুর এলাকায় আজ (সোমবার, ৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।

এতে সিডিএ অ্যাভিনিউ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন অফিসগামী যাত্রী ও পথচারীরা।

জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান।

এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সর্বশেষ গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি। এর আগেই আজকের কর্মসূচি হিসেবে তিন ঘণ্টা সড়ক অবরোধ করার কথা জানান নেতাকর্মীরা।

সূত্রঃ এখন