দেশের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ পরীক্ষার ফি ১০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতালে এ পরীক্ষার জন্য গুনতে হবে ৩০০ টাকা।
ডেঙ্গু পরীক্ষার ফি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক রবিবার ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ডেঙ্গু টেস্টের জন্য ১০০ টাকা করে নেওয়া হবে। এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বেসরকারি হাসপাতালে এই ফি হবে ৩০০ টাকা।’
২০১৯ সালে সারা দেশে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর সরকার সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করে দিয়েছিল। আর বেসরকারি হাসপাতালে এই পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।
নতুন নির্দেশনার ফলে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ২০০ টাকা কমবে।
শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, সারা দেশে সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা এবারও বিনামূল্যে করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯০৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও তিনজনের।
এ নিয়ে এ বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ হাজার ১০৭ জন। ২০১৯ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ।
এ বছর মৃত্যু হয়েছে ১৭০ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর এটাই রেকর্ড। এর আগে ২০১৯ সালে ১৬৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সূত্রঃ প্রতিবেদনের বাংলাদেশ







