কমছেই না ডেঙ্গুর প্রকোপ। এবার এক দিনে মশাবাহিত এই রোগে আরও আটজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে মৃত্যু বেড়ে দাঁড়াল ২১৩ জনে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬৯২ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭২ জন। আর ঢাকার বাইরে ৩২০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৮৫১ জন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৮ জন।অন্যান্য বিভাগে ভর্তি আছে ১ হাজার ২১৩ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৯ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৫৩৫ জন। ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৫৭ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৪৬ হাজার ৯২৮ জন। যার মধ্যে ঢাকার ৩০ হাজার ৭৭১ ও ঢাকার বাইরের ১৬ হাজার ১৫৭ জন।

চলতি বছর ডেঙ্গুতে প্রথম মৃত্যু হয় গত জুনে। সে মাসে একজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এরপর জুলাইয়ে ৯ জন, আগস্টে ১১, সেপ্টেম্বরে ৩৪ এবং অক্টোবরে সর্বোচ্চ ৮৬ জনের মৃত্যু হয়েছে। আর নভেম্বরের ১৫ দিনেই মৃত্যু হয়েছে ৭২ জনের। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৯৬৮ জন।

দেশে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে ভয়াবহ আকারে হাজির হয়েছিল ২০১৯ সালে। সে বছর আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয় ১৭৯ জনের।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ