জাতীয় নির্বাচন

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে একটি ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে, যা জাতীয় ঐক্যের ভিত্তিতে তৈরি হবে। এই ঘোষণাপত্রের লক্ষ্য হলো গণঅভ্যুত্থানের সময় জনগণের মধ্যে যে ঐক্য, ফ্যাসিবাদবিরোধী মানসিকতা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, তা সুসংহত রাখা।

আজ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনায় নেওয়া হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, ঐক্যের মজবুত ভিত্তি এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

শফিকুল আলম আরও বলেন, ‘আমরা প্রত্যাশা করছি যে, সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দ্রুততম সময়ে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে।’

সূত্রঃ প্রথম আলো