এসএসসি পরীক্ষার ফল প্রকাশ পাসের হার ৬২.২৫
ছবি: ভোরের কাগজ

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশে। এতে মোট জিপিএ-৫ অর্জন করেছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে

গত বছরের তুলনায় এবার পাসের হার ও সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন পরীক্ষার্থী।

চলতি বছর ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন ফরম পূরণ করেছিলেন। যার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।

বোর্ডভিত্তিক জিপিএ-৫ পরিসংখ্যান

সারাদেশে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থীর বোর্ডভিত্তিক বণ্টন নিচে তুলে ধরা হলো:

শিক্ষা বোর্ডের নামজিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা
ঢাকা বোর্ড৩৩,২৫৩ জন
রাজশাহী বোর্ড১৬,১১৩ জন
দিনাজপুর বোর্ড১৩,৬৩৯ জন
যশোর বোর্ড১১,৪৭৮ জন
কুমিল্লা বোর্ড৯,৮১৪ জন
চট্টগ্রাম বোর্ড৯,৩৯৮ জন
ময়মনসিংহ বোর্ড৫,৭০০ জন
সিলেট বোর্ড৩,৮৩৬ জন
বরিশাল বোর্ড২,৭৭৮ জন
মাদ্রাসা বোর্ড৬,৭১৬ জন
কারিগরি বোর্ড৩,৯৫১ জন

যেভাবে ফল ও মার্কশিট জানা যাবে

পরীক্ষার্থীরা ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

  • অনলাইনে ফল: eduboardresult.gov.bd, educationboardresults.gov.bd, কারিগরি বোর্ডের জন্য result.bteb.gov.bd এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীরা bmeb.gov.bd বা ebmeb.gov.bd থেকে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।
  • এসএমএসে ফল: মেসেজ অপশনে গিয়ে SSC <Space> Board First 3 Letters <Space> Roll <Space> Year লিখে পাঠাতে হবে 16140 অথবা 16222 নম্বরে। (যেমন: ঢাকা বোর্ডের জন্য SSC DHA 123456 2026)

পুনর্নিরীক্ষণের আবেদন ১১ থেকে ১৭ আগস্ট

গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে লিখিত অংশ ২৪ মে শেষ হয়েছিল। সাধারণত লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর আজ ফল প্রকাশিত হলো।

ফলাফলে অসন্তুষ্ট বা পুনর্নিরীক্ষণে আগ্রহী পরীক্ষার্থীরা আগামীকাল ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বোর্ড ফি প্রদান করে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।