সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন এবং জামায়াতের পতাকা তলে আসেন।
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ ও অঙ্গীকার
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তিনি তার বাকি জীবন ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতিবাহিত করবেন। এসময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি অনুগত থাকারও অঙ্গীকার করেন। পরে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
রাজনৈতিক পটভূমি
উল্লেখ্য, এর আগে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার হন আখতারুজ্জামান। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং ২০১৮ সালের নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন।
তিনি বিএনপির মনোনয়নে এই আসন (তখন শুধু কটিয়াদী উপজেলা নিয়ে গঠিত ছিল) থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তথ্যসূত্র: ইত্তেফাক










