Home অপরাধ সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে এক র‌্যাব সদস্য নিহত, আহত ৩

সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে এক র‌্যাব সদস্য নিহত, আহত ৩

143
0
সীতাকুণ্ডে সন্ত্রাসীদের গুলিতে এক র‌্যাব সদস্য
র‌্যাবের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও তিন র‌্যাব সদস্য। বর্তমানে তারা চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

র‌্যাব সূত্রে জানা গেছে, নিহত র‌্যাব সদস্যের নাম ডিআইডি মো. মোতালেব। আহত অন্য সদস্যরা হলেন—ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব মারা যান।

যেভাবে ঘটল হামলা

র‌্যাব-৭-এর সূত্র অনুযায়ী, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানায় অস্ত্র উদ্ধারে অভিযানে যায় র্যাবের একটি দল। বাহিনীর সদস্যরা আস্তানার কাছাকাছি পৌঁছালে স্থানীয় সন্ত্রাসী ‘ইয়াছিন বাহিনী’র সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

দীর্ঘক্ষণ চলা এই বন্দুকযুদ্ধের একপর্যায়ে র‌্যাবের ৪ সদস্য গুরুতর আহত হন। তবে সন্ত্রাসীদের পক্ষে কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে খুব দ্রুত বড় ধরনের সাঁড়াশি অভিযান চালানো হবে।

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: ইত্তেফাক