Home অপরাধ কুড়িগ্রামে প্রশ্ন ফাঁস: বিএনপি নেতাসহ আটক ১১

কুড়িগ্রামে প্রশ্ন ফাঁস: বিএনপি নেতাসহ আটক ১১

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ

128
0
কুড়িগ্রামে প্রশ্ন ফাঁস
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা শুরুর আগে উপজেলার কাজীপাড়া ও খাদ্যগুদাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

অভিযান ও উদ্ধার: পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কাজীপাড়া এলাকায় বাবু ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রশ্নপত্র ফাঁসের সিন্ডিকেট সদস্য ও পরীক্ষার্থীদের আটক করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় নাগেশ্বরী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাস থামিয়ে বাকিদের আটক করা হয়।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে চেক বইয়ের ফাঁকা পাতা, প্রশ্নপত্র, উত্তরপত্র, চারটি ডিজিটাল ডিভাইস এবং প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

আটককৃতদের পরিচয়: আটককৃতরা হলেন—বাবু ইসলাম (৩২), জান্নাতুন নাঈম মিতু (২৬), শাহজাহান আলী (২৭), আনোয়ার হোসেন (২৮), বেলাল হোসেন (৩৮), মিনারুল ইসলাম (৪০), হিমেল মাহমুদ (২৮), প্রক্সি পরীক্ষার্থী চামেলী আক্তার (২৯), আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান সিদ্দিকী (৪০) এবং মাইক্রোবাস চালক মাহবুব খান (৩৫)। এদের মধ্যে মিনারুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন।

দলীয় অবস্থান: মিনারুল ইসলামের দলীয় পদের সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “বিএনপির কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেই না।”

আইনি ব্যবস্থা: নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।