রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক গণভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও ঐতিহাসিক প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার অকুতোভয় সংগ্রামের বিভিন্ন স্মারক ও নিদর্শন পরিদর্শন করেন।
আজ সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে যান।
ঐতিহাসিক দলিল ও স্মারক পর্যবেক্ষণ
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংরক্ষিত বিভিন্ন দুর্লভ আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, ভিডিও ফুটেজ, শহীদদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী এবং ঘটনাপ্রবাহভিত্তিক তথ্যচিত্র পর্যবেক্ষণ করেন।
জাদুঘরের প্রতিটি গ্যালারিতে চব্বিশের আন্দোলনের বিভিন্ন পর্যায়, স্বৈরাচারবিরোধী প্রতিরোধ, ছাত্র-জনতার অনন্য আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক নানা দিক নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামীকাল থেকে সবার জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস, সংগ্রাম ও বীরত্বগাথা সংরক্ষণ করা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্তভাবে তুলে ধরার লক্ষ্যেই এই স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনের প্রথম দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে প্রতিদিনের জন্য জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।













