Home গণমাধ্যম ডিবিসি নিউজের পর এবার বাংলাভিশনের সাংবাদিকের উপর হামলা

ডিবিসি নিউজের পর এবার বাংলাভিশনের সাংবাদিকের উপর হামলা

156
0
ছবিঃ সংগৃহীত

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েলের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদের মধ্যেই এবার বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের অনিয়মের সংবাদ সংগ্রহে গিয়ে পেশাগত দায়িত্বপালনের সময় অতর্কিত দুই যুবক এই হামলা চালায়। উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের ওপরে এই ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, বিকেলে ওই এলাকায় বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার সময় দুই যুবক এসে পেশাগত কাজে বাধা দেয়। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করে।

এ সময় পুলিশকে ফোন দেওয়া দেখে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মুঠোফোনে ঘটনাটি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানান,  হামলাকারী দুই যুবকের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক সাদ্দাম হোসাইন ২০১৮ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর ফেলোশীপ পেয়েছিলেন।