রাজধানীর ৩০০ ফিট এলাকায় নিজ বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ২৬ নারীসহ ৮৪ জনকে আটকের ঘটনার পর পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে তাঁকে ওএসডি করে পুলিশ সদরদপ্তরের মূল শাখায় সংযুক্ত করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ডিবি পুলিশের অভিযান ও বিপুল মাদক উদ্ধার
এর আগে গত সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ‘পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১’-এ অবস্থিত অতিরিক্ত ডিআইজি জহিরের মালিকানাধীন প্লটে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সেখানে আয়োজিত ডিজে পার্টি থেকে ক্ষতিকর আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ক্যাটাগরির মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওই বাসাটিতে দীর্ঘদিন ধরে অবৈধ ডিজে পার্টি, মাদক সেবন এবং অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাজের আলামতসহ ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে পুলিশ।
অনলাইন প্ল্যাটফর্মে ভাড়া ও অসামাজিক কাজ
ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা জহিরের ওই প্লটে পাঁচটি কক্ষ নির্মাণ করে তা আন্তর্জাতিক অনলাইন রেন্টাল প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’ (Airbnb)-তে বুকিংয়ের জন্য দেওয়া হয়েছিল।
উঠতি বয়সী তরুণ-তরুণী ও বিভিন্ন চক্র অনলাইন থেকে রুমগুলো বুকিং নিয়ে নিয়মিত ডিজে পার্টি ও মাদকের আসর বসাত। কক্ষগুলো দেখভালের দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে ডিবি।
পুলিশ কর্মকর্তার সাফাই
বাসা থেকে মাদকসহ বিপুল সংখ্যক মানুষ আটকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন,
“বাসাটি একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেওয়া হয়েছিল। নিয়মভঙ্গ করলে ১ লাখ টাকা জরিমানার শর্তও ছিল। কিন্তু যারা ভাড়া নিয়েছে তারা শর্ত ও নিয়ম ভেঙেছে। এই অনিয়ম বা মাদকের সঙ্গে আমাদের পরিবারের কেউ সম্পৃক্ত নয়।”














