ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমের গণ্ডি পেরিয়ে বর্তমান সময় অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের তথ্য গ্রহণ, দেখা, জানা এবং সম্পৃক্ত থাকার প্রধান মাধ্যম হয়ে উঠেছে।
শুক্রবার (২৬ জুন) রাতে রাজধানীর মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সময়টা এখন ডিজিটাল প্ল্যাটফর্মের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শেখ রবিউল আলম বলেন, “এখন অনলাইন সাংবাদিকতাই মানুষ উপভোগ করছে, জানছে, দেখছে এবং যুক্ত থাকছে। এই সময়টা আপনাদের সময়। সময়ের যে আবেদন, সেটিকে আপনারা ধারণ করতে পারছেন। এটি আপনাদের সৌভাগ্য, আবার আপনাদের যোগ্যতারও স্বীকৃতি।” তিনি আরও যোগ করেন, “সাংবাদিকদের বিবেক, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা সত্যিই অনন্য।”

বিশিষ্ট অতিথিবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল এবং টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফান।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও দেশের প্রধান প্রধান গণমাধ্যমের অনলাইন ও মাল্টিমিডিয়া ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

পারিবারিক মিলনমেলা
আয়োজকরা জানান, অনলাইন গণমাধ্যমের সম্পাদকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পরিবার-পরিজনকে সম্পৃক্ত করতেই এই সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সদস্যদের পরিবারের শিশুদের বিশেষ উপহার এবং সহধর্মিণীদের সম্মাননা উপহার প্রদান করা হয়।
সূত্র: অনলাইন এডিটরস অ্যালায়েন্স










