অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার সিএমজি বাংলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক সই হয়।
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের প্রেসিডেন্ট হাসান শরীফ এবং বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের প্রতিনিধি অলিভিয়া ছু নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিএমজির বাংলা বিভাগের সাংবাদিকরা ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে বলেন, “প্রযুক্তিনির্ভর যুগে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তি বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং প্রযুক্তি ও সাংবাদিকতার ক্ষেত্রে জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত খুলবে।”
অনুষ্ঠানে হাসান শরীফ বলেন, “এই সমঝোতা দুই দেশকে নানা খাতে—বিশেষ করে পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষায়—সহযোগিতার সুযোগ করে দেবে। এ ধরনের উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”
সংগঠনের সাংগঠনিক সম্পাদক পলাশ মাহমুদ বলেন, “চীনের বিষয়ে জানার অনেক কিছু আছে। দেশটির বিপুল কনটেন্টকে কেন্দ্র করে যুগোপযোগী প্রকল্পের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি ও উন্নয়নের পথে একসঙ্গে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে সাংবাদিকদের তথ্য বিনিময়, প্রশিক্ষণ, এবং বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রবর্তনসহ বিভিন্ন সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ চুক্তির ফলে দুই দেশের সাংবাদিকতায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।
— নিউজ ডেস্ক








