Home অপরাধ আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে হামলা: গুলি ও কুপিয়ে যুবক খুন, আহত ১

আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে হামলা: গুলি ও কুপিয়ে যুবক খুন, আহত ১

207
0
আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে হামলা

রোববার (৩০ নভেম্বর ২০২৫) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় মো. রাজেন ওরফে রাজন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাসিব (৩১) নামে আরও একজন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ইত্তেফাককে ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত রাজন রূপসা উপজেলার রাগমারা গ্রামের এজাজের ছেলে। আহত হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নাফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। ঠিক তখনই ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোড়ে। এরপরও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুজনকে মারাত্মকভাবে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হামলায় রাজন ঘটনাস্থলেই মারা যান।

 নিখোঁজ আহত, পুলিশের সন্দেহ

নিহত রাজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে, ঘটনার পর থেকে গুরুতর আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) ইত্তেফাককে জানিয়েছেন যে, ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের সন্দেহ, পরিবারের লোকজনই দ্রুত লাশ সরিয়ে ফেলেছে।

বর্তমানে হাসিবের সন্ধানে পুলিশের অভিযান চলছে। তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালানো হচ্ছে।

 নেপথ্যে ‘গ্রেনেড বাবু’?

পুলিশের প্রাথমিক ধারণা, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গ্রেনেড বাবু’র সহযোগীরাই জড়িত।