ফিফা বিশ্বকাপ মানেই আলাদা রকমের এক রোমাঞ্চ। ফুটবল উন্মাদনা আর উত্তেজনার ভেলায় ভেসে বেড়ানো। ব্যয়বহুল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জ্বরে কাঁপার আগেই অন্যরকম এক রোমাঞ্চের ঢেউয়ে দোল খেল পুরো দুনিয়া। আয়োজক কাতার উপহার দিল আলোঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যের দেশটির বর্ণিল আর বর্ণাঢ্য আয়োজনে অবাক পুরো ফুটবল বিশ্ব।
রোববার (২০ নভেম্বর) কাতারের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এবারের ফুটবল বিশ্বকাপের। অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।
উদ্বোধনী ভাষণে হামাদ আল থানি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’
কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে আসেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল দেশাই। এরপর তুলে ধরা কাতারের ঐতিহ্য।

এরপর চলে মাসকট লা’ইবের প্রদর্শনী। ডকুমেন্টারির ডকুড্রামা। হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান হাজির হন উদ্বোধনী অনুষ্ঠানে। শুরুর গান শেষে মাঠের মঞ্চে এসে মাতান ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর অভিনেতা। বিশ্বকাপের পথপরিক্রমা সম্পর্কে দুনিয়াকে জানান তিনি। এরপর আবার শুরু হয় গান। কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন তারা। ছিল ঢাক-ঢোল। হাতে তলোয়ার। গানের সঙ্গে চলতে থাকে আকর্ষণীয় ডিসপ্লে। শোনানো হয় আগের কয়েকটি আসরের থিম সং।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় পপ গায়িকা শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপার। কিন্তু অনুষ্ঠানে তারা কেউ ছিলেন না। ডুয়া লিপা অবশ্য আগেই কাতারের মানবাধিকার লঙ্ঘনের কারণে বিতর্কিত বিশ্বকাপের অংশ না হতে উদ্বোধনী অনুষ্ঠানকে না করে দেন।
বিশ্বকাপের অফিসিয়াল মাসকট— লা’ইবের (যার অর্থ অতি দক্ষ খেলোয়াড়) প্রদর্শনীও ছিল উদ্বোধনী অনুষ্ঠানে। মাঠের বাইরে টিভির পর্দায় বিশ্বকাপের পর্দা ওঠার অনুষ্ঠানে চোখ রেখেছিলেন প্রায় ৫০০ কোটি মানুষ। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।
বলা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকান গায়ক ডমিনিক লিল ববি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ চমক আছে বিটিএস ফ্যানদের জন্য। এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন বেবি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার এবং নোরা ফাতেহি। কিন্তু উদ্বোধনের মঞ্চে তেমন কিছুই দেখা যায়নি।

এরপর মঞ্চে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলকে উপস্থাপন করা হয়। এছাড়া এবারের বিশ্বকাপের বৃহৎ আকারের মাস্কাট প্রদর্শণ করা হয়।
এরপর এবারের বিশ্বকাপের থিম সং ড্রিমার গেয়ে মঞ্চ মাতান বিটিএস তারকা জং কুক। এসময় তাদের সঙ্গে গলা মেলাতে থাকেন মাঠে উপস্থিত দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আঞ্চলিক গানের সঙ্গে পারফর্ম করে কাতারের শিল্পীরা।
বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের আয়োজন বসেছে কাতারের পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে। বিশ্বকাপে সব মিলিয়ে ম্যাচ হবে ৬৪টি। রবিবার শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপের উন্মাদনা। টুর্নামেন্টে ৬৩টি দেশের সর্বমোট ৪১৬টি ক্লাবের খেলোয়াড়েরা নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করছেন। আসরের মাঠ কাঁপাবেন সব মিলিয়ে ৮৩০ জন ফুটবলার।
সূত্রঃ সংগৃহীত








