দৈনিক দামাল এ প্রকাশিত সূত্র মতে জানা গেলো আগামী ২৮ অক্টোবর আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে সিনেমা “দামাল”।
আসলে দৈনিক দামাল কোন পত্রিকা নয়। ভিন্ন আঙ্গিকে এভাবে সিনেমার সংবাদ সম্মেলনের প্রেসরিলিজ সত্যি মুগ্ধ করার মতো। গত মঙ্গলবার সন্ধ্যায় দামালের মুক্তি উপলক্ষে বসুন্ধরা সিটিতে সেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় এবং ফরিদুর রেজা সাগরের মূল গল্প নিয়ে নির্মিত হয়েছে দামাল সিনেমা ।
স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরব গাঁথা নিয়ে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে দামাল সিনেমা। করোনা সহ নানা বাধাবিপত্তিকে জয় করে সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় নির্মিত হয়েছে “দামাল”।
সংবাদ সম্মেলনে রায়হান রাফী বলেন-
“সব ছবি আমার সন্তান। কিছু সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের একটু বেশি কষ্ট করতে হয়। দামাল এর ক্ষেত্রেও তাই হয়েছে। দামাল বানাতে গিয়ে প্রসব বেদনার মতো কষ্ট করেছি।
কথাগুলো বলতে বলতে অনেকটাই আবেগান্বিত হয়ে পড়েন রায়হান রাফী। যিনি ইতোমধ্যে নির্মাতা হিসেবে আলাদা ইমেজ তৈরি করেছেন। সর্বশেষ বড় পর্দায় পরাণ বানিয়েছেন, যেটি ব্লকবাস্টার হয়েছে।
তিনি আরও বলেন, সেই জায়গা থেকে আমরা আমাদের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। যা সব শ্রেণির দর্শক হলে গিয়ে পরিবার নিয়ে দেখতে পারবে। সেই সঙ্গে তারা হাততালি দেবে, নাচবে, কাঁদবে এবং বের হওয়ার সময় তৃপ্তি নিয়ে বের হবে।

দামাল সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সাঈদ বাবু সহ আরো অনেকেই। সংবাদ সম্মেলনে সিনেমার পার্টনার হিসেবে টিভি চ্যানেল “টি-স্পোর্টস” এবং “বসুন্ধরা কিংস” এর নাম ঘোষণা করা হয়। ‘দামাল’ সিনেমার সঙ্গে বসুন্ধরা কিংস ও টি-স্পোর্টস যুক্ত হওয়ার আনুষ্ঠানিক চুক্তি সই হয়।
বসুন্ধরা সিটি শপিং মলের ফুড হলে অনুষ্ঠিত হয় এ চুক্তি সই অনুষ্ঠান। এতে টি -স্পোর্টস’র পক্ষে সই করেন জেনারেল ম্যানেজার তাসবিরুল ইসলাম ও বসুন্ধরা কিংস’র পক্ষে সই করেন তৌহিদুল ইসলাম এবং দামাল সিনেমার পক্ষে সই করেন সিনেমার গানের গীতিকার রাসেল মাহমুদ।
–নিজস্ব প্রতিবেদক







