banner

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে বুধবার (৫ মে) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ঈদের ছুটি ধার্য ও করোনায় বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, একই জেলার মধ্যে গণপরিবহন চলবে। তবে এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন চলাচল বন্ধই থাকবে। জনসমাগম হয় এমন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যক্রম করা যাবে না। মাস্ক পরা বাধ্যতামুলক করা হয়েছে, না পরলে জরিমানাসহ আইনি ব্যবস্থা। এবারের ঈদের ছুটি তিন দিনের বেশি নয় বলে ঘোষণা করা হয়েছে।

নতুন মেয়াদের এই বিধিনিষেধ বৃহস্পতিবার (৫ মে) থেকে কার্যকর হবে। যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়ল। তবে গত ২৫ এপ্রিল থেকে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়েছে। খোলা রয়েছে ব্যাংকও। এ ছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা।