বরগুনা

বরগুনায় মাহফিল থেকে ফেরার পথে বেতাগী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর প্রাণ হারিয়েছে।

 বৃহস্পতিবার  রাতে বরগুনা বেতাগী উপজেলার খানের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল- বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের ইয়াসিন আরাফাত, মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া গ্রামের রাব্বি মৃধা ও মোকামিয়া বাজারের মো. সিয়াম।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সন্ধ্যায় বেতাগীর মোকামিয়া দরবার শরীফের মাহফিলে আসে তিন কিশোর। রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় খানের হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।