জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা দুপুর থেকে বিদ্যুৎহীন। তবে চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার পর থেকে রাজধানী ঢাকার উত্তরা, গুলশান, বারিধারা ও মিরপুরসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানান ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে।

ঢাকা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে
ছবিঃ ফেসবুক

এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), চট্টগ্রাম, সিলেট (আংশিক) ও নারায়ণগঞ্জে (আংশিক)।

এদিকে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে একযোগে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে যায়।