টাকা না দিয়ে পাঞ্জাবি নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে। গত বুধবার (২০ এপ্রিল) রাজধানীর সায়েন্সল্যাবের বায়তুল মামুর মসজিদ মার্কেট এর ‘ববি গার্মেন্টস’ নামে এক দোকান থেকে টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে যাওয়ার অভিযোগ করেন এই দোকানের মালিক।
সিসিটিভির ফুটেজে তার প্রমাণ মিলেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দোকান মালিক।
দোকানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, আট শিক্ষার্থী দোকানে ঢোকেন। তারা কোনো টাকা না দিয়ে আটটি পাঞ্জাবি নিয়ে যান। টাকা না দেওয়ার কারণ জানতে চান দোকানের কর্মচারীরা। জবাবে তারা ‘আসছি’ বলে চলে যান। আর আসেননি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিক্ষার্থীদের একজন মোহাম্মদ আলী। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র। থাকেন আক্তারুজ্জামান ইলিয়াস হলে। মোহাম্মদ আলী দাবি করেন, আগে নেওয়া পাঞ্জাবি তিনি পরিবর্তন করতে গিয়েছিলেন। তবে স্বীকার করেছেন তার সঙ্গে থাকা একজন একটি পাঞ্জাবি নিয়ে এলেও পরে তা ফেরত দেন এবং দোকানদারকে সরি বলেন।
ফুটেজে আরও দেখা যায়, লাল টি-শার্ট পরা যুবকের নাম শাহরিয়ার হাসনাত জিওন। থাকেন ঢাকা কলেজের নর্থ হলে। তার পাশে থাকা যুবকের নাম হৃদয়। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা ভুলে পাঞ্জাবি নিয়ে আসছি। পাঞ্জাবি ফেরত দিয়ে আসবো।মোহাম্মদ আলীর দেওয়া তথ্য অনুযায়ী, আটজনের মধ্যে একজনের নাম রফিকুল ইসলাম, দুজনের নাম হৃদয়। একজন প্রীতম হৃদয়, অন্যজন মোহসীন উদ্দিন হৃদয়। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, তাদের পদ্ধতিগুলো সুন্দর। দোকানে এসে জিনিস নিয়ে ১০০ টাকা দিয়ে যান, বাকিটা পরে দিয়ে যাবেন বলে চলে যান। থানায় গেলেই যে প্রতিকার পাওয়া যায় বিষয়টি সেরকম নয়।
যদি কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. আব্দুস কুদ্দুস সিক্কার বলেন, এ ধরনের ঢালাও অভিযোগ আমরা চাই না। কিন্তু যদি কেউ জড়িত থাকে এবং যদি প্রমাণ থাকে তাহলে আইনগতভাবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে আমরা কোনো আপত্তি করবো না। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দোকান মালিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ না করলেও তারা বিষয়টি খতিয়ে দেখেছে।
নিউমার্কেটের ভেতরে থাকা ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুড নামের দুই দোকান কর্মচারীর দ্বন্দ্ব গত সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ হয় যা চলে সন্ধ্যা পর্যন্ত। এ ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।
সূত্রঃ ভোরের কাগজ







