জুলাই বিপ্লবের স্বীকৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, যারা ‘জুলাই বিপ্লব’ মানতে প্রস্তুত নন, তাদের জন্য ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি স্পষ্ট করে দেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ আটটি দলের ডাকা এক সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

জুলাই সনদ ও গণভোটের দাবি

ডা: শফিকুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।” তিনি জোর দিয়ে বলেন, দেশের মুক্তিকামী জনগণের একটাই দাবি— জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে

ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি, তখন আগে ভোট হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্যে দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচনের সময়সীমা এবং বিএনপির প্রতি প্রশ্ন

ডা: রহমান আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে বলেন, “এটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।”

তিনি বিএনপিকে উদ্দেশ করে প্রশ্ন করেন, “জুলাই সনদেই যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কিভাবে?”

কর্মসূচি ও অংশগ্রহণ

জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, এবং পিআর পদ্ধতিতে নির্বাচন-সহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস-সহ আট দল এই কর্মসূচির ঘোষণা করে। সমাবেশে যোগ দিতে দুপুরের আগে থেকেই পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় আটটি দলের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।

–নিজস্ব সংবাদদাতা