Home বাংলাদেশ চট্টগ্রামে পাঁচ বছরের এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার

চট্টগ্রামে পাঁচ বছরের এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার

123
0
(আয়াত)চট্টগ্রামে পাঁচ বছরের এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার
আলিনা ইসলাম আয়াত। ফাইল ছবি

চট্টগ্রামে আয়াত নামে পাঁচ বছরের এক শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শিশুটি ১০ দিন ধরে নিখোঁজ ছিল।

শুক্রবার (২৫ নভেম্বর) নগরীর আকমল আলী রোডের স্লুইচ গেইট থেকে আয়াতের জুতো ও লাশের কিছু অংশ উদ্ধার করে পিবিআই।

এ ঘটনায় জড়িত আবির আলী নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পিবিআই। ১৯ বছর বয়সী ওই যুবক একজন গার্মেন্টসকর্মী।

পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, ‘মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করেছিল আবির। অপহরণের সময়ে কান্নাকাটি করলে আয়াতকে শ্বাসরোধ করে হত্যা করে সে। পরে আয়াতের লাশকে ছয় টুকরো করে দুটি বস্তায় করে নদীতে ফেলে দেয়। আবিরের বাসা থেকে আয়াতের লাশ কাটায় ব্যবহার করা বটি ও এন্টিকাটার উদ্ধার করা হয়েছে।’

‘আবিরের দেওয়া তথ্যে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করার চেষ্টা করছি আমরা। এর মধ্যে কয়েকটি অংশ পাওয়া গেছে।’

গত ১৫ নভেম্বর চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় জিডি করেন তার বাবা সোহেল রানা।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবিরকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আকমল আলী সড়ক থেকে আটক করে পিবিআই।

সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ