চকবাজারে আগুন: পোড়া কারখানা থেকে ৬ মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের কামালবাগে আগুনে পোড়া কারখানা থেকে ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। আগুন লাগা ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মো. ওসমান (২৫) ও মো. বিল্লাল নামে দুজন এখনও নিখোঁজ বলে তাদের স্বজনরা দাবি করেছেন।

নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২) ও মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ ওসামানের খালাত ভাই মো. রুবেল বলেন, যে ভবনে আগুন লেগেছে সেটির নিচতলায় বরিশাল হোটেলে কাজ করত ওসমান। রাতে কাজ করে ওই ভবনের দোতলায় ঘুমিয়ে ছিল। কিন্তু আগুন লাগার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার তার ফোনে ফোন করলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ভবনটির দোতলায় আমি গেছিলাম। সেখানে আমরা মানুষের হাড়ের মতো কিছু জিনিস দেখতে পেয়েছি।

মো. আব্দুল্লাহ বলেন, মো. বিল্লাল (৩৩) নামে তার দুলাভাইও নিখোঁজ। বরিশাল হোটেলে তিনিও কাজ করতেন। গত রাতে নাইট ডিউটি করে দিনে ওই ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন তিনি। আগুন লাগার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার পরই ফায়ার সার্ভসের উদ্ধারকর্মীরা ধারণা করেন, ভবনের ভেতরে একাধিক মরদেহ থাকতে পারে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন, সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফর্মারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে।

সূত্রঃ ভোরের কাগজ