রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারের দুই শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন জানান, নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)। এছাড়া আহতরা হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার জসিমউদ্দিন মোড়ে আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
দুর্ঘটনার পর উত্তরা এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, নিহত চারজনের লাশ গাড়ির ভেতরেই চাপা পড়ে রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।
সূত্রঃ ভোরের কাগজ







